images

সারাদেশ

ফরিদপুরে বড়শিতে ধরা পড়ল কুমির

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

ফরিদপুরের পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় জমান। একই সঙ্গে নদীপাড়ের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) নদীতে হাজারী বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে কুমিরটি আটকে যায়। পরে তারা কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে তারা আরও দুটি কুমির দেখতে পেয়েছেন। ওই দুটি আকারে আরও বড় ছিল বলে দাবি করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

জেলে স্বপন বেপারী বলেন, ‘কুমিরটি বড়শিতে আটকা পড়ার পর আমরা দ্রুত সেটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।’

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন জানান, বিষয়টি জানার পর ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘাটপাড়ে অবস্থান নেয়, যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, ঘটনাটি জানার পর বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

প্রতিনিধি/একেবি