images

সারাদেশ

রাউজানে একদিনের ব্যবধানে এবার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ এএম

চট্টগ্রামের রাউজানে মাত্র একদিনের ব্যবধানে এবার তিন তিনটি গুলি করা হলো মো. নাছির উদ্দিন (৪৬) নামে যুবদলের এক কর্মীকে। বিদ্ধ হয়েছে তিনটিই। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। 
 
রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়ার বাসিন্দা এবং মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা নাছির উদ্দিনকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। এর মধ্যে দুটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসাইন জানান, নাছির উদ্দিনের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি পেটে বিদ্ধ হওয়ায় তার অবস্থা গুরুতর হয়ে ওঠে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কদলপুর ইউনিয়ন বিএনপির হাফেজ আবুল হাসেম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, নাছির উদ্দিন যুবদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করছি।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় কাউসারুজ্জামান (৩৬) নামে বিএনপির এক কর্মীকে গুলি মেরে হত্যা করা হয়। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

সেদিন নিহতের পরিবার দাবি করে, গত দুই বছরে কাউসারুজ্জামানের ওপর একাধিকবার হামলা হয়। এলাকায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে হত্যা করা হয়েছে।

এএইচ