জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
বজ্রপাতে সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আব্দুল হামিদ ও রায়গঞ্জ উপজেলায় যুবক হাসান শেখের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখের (২৫) মৃত্যু হয়।
নিহত আব্দুল হামিদ বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে ও নিহত হাসান শেখ মল্লিকচান এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।
স্থানীয় ধানগড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে হাসান শেখের আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস