জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
রংপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসায় কর্মরত আব্দুল মান্নান (৫৭) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার আব্দুল মান্নান খটখটিয়া মধ্যপাড়ার মৃত খান মাহমুদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশু শিক্ষার্থী রংপুর নগরীর একটি ফোরকানিয়া মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। গত ১৮ এপ্রিল পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান সকাল আটটার দিকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে অভিভাবকদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে ধর্ষণের ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আব্দুল মান্নান চতুরতার সঙ্গে আত্মগোপনে যান। থানায় মামলা হলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই তৎপরতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক টিম রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপথী বাজার এলাকা থেকে অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে।
র্যাব ১৩ এর সিনির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস