images

সারাদেশ

নাটোরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সাথে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

শ্রমিকরা জানা গেছে, সম্রাট ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্য শ্রমিকদের সাথে ধান কাটার কাজ করছিলেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলে শ্রমিকরা কাজ বন্ধ করে একটি ঘরে আশ্রয় নেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন।

আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলনবিলে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়। বাসার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে।

প্রতিনিধি/এসএস