জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ফেনসিডিল, ভারতীয় ওষুধ, চিংড়ি মাছের রেণু পোনা এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
তলুইগাছা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার মাল্টা বাগান এলাকা থেকে প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। পদ্মশাখরা বিওপির দুটি পৃথক অভিযানে হাড়দ্দা ও শাখরা আশার মোড় এলাকা থেকে ১৪ বোতল ফেনসিডিল এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়।
অন্যদিকে, হিজলদী বিওপি কলারোয়া উপজেলার আমবাগান এলাকা থেকে দেড় লাখ টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার যন্ত্রাংশ উদ্ধার করে।
সবচেয়ে বড় চালানটি জব্দ করে কাকডাঙ্গা বিওপি। তারা ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
সব মিলিয়ে এসব অভিযানে মোট ১৯ লাখ ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি স্থানীয় শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস