images

সারাদেশ

ফরিদপুরে ২ ভাইকে কুপিয়ে জখম, একজনের হাত-পা ‘প্রায় বিচ্ছিন্ন’

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদের মধ্যে একজনের হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— ফাজেলখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত ধলা মুন্সীর দুই ছেলে হায়দার মুন্সী (৪৬) ও সুজন মুন্সী (৩১)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত হায়দার মুন্সির মা নিরু খাতুন জানান, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের সঙ্গে হায়দারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হায়দারকে ডেকে নিয়ে হামলা চালানো হয়েছে।

আহত সুজন মুন্সি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা প্রথমে তাকে কোপ দেয়। পরে তার ভাই হায়দারকে ধাওয়া করে একটি বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দার মুন্সির শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম। তার একটি হাত ও একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আহতের মা নিরু খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/টিবি