জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে বস্তাবন্দি মা ও নবজাতকের মরদেহ উদ্ধারের ছয় দিনেও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গত সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে মির্জাপুর থানা পুলিশ উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পার থেকে মাটি খুঁড়ে মা ও নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় না পাওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে তারা ওই এলাকায় দুর্গন্ধ পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। মাটির নিচে বস্তার এক অংশ কুকুর কামরাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা জাবেদ পারভেজ বলেন, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি