বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ১২:১১ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি), স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বাড়ানো ও অ্যাকাডেমিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)।
‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: অ্যাকাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এ সেমিনার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক শিক্ষার্থীরা অংশ নেন।
পাঁচটি সেশনে বিভক্ত এই সেমিনারে গবেষণার মৌলিক ধারণা, গবেষণা সমস্যা নির্ধারণ, প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং অ্যাকাডেমিক উপস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রথম সেশনে গবেষণা প্রবন্ধের কাঠামো ও অ্যাকাডেমিক যুক্তি নিয়ে আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান। দ্বিতীয় সেশনে গবেষণা সমস্যা, উদ্দেশ্য ও প্রশ্ন প্রণয়ন নিয়ে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।
তৃতীয় সেশনে গবেষণা, নকশা, পদ্ধতি নির্বাচন ও তথ্য সংগ্রহের কৌশল নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. মাহমুদুন নাবি। চতুর্থ সেশনে গবেষণায় তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মৌলিক ধারণা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আখের আলী।
সমাপনী সেশনে অ্যাকাডেমিক লেখালেখি, রেফারেন্সিং ও গবেষণা উপস্থাপনা নিয়ে দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় তিনি বলেন, "গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি আনুষঙ্গিক বিষয় নয়, বরং জ্ঞান উৎপাদন ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।"
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করতে পারলে একটি সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরআইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিনিধি/ এজে