images

সারাদেশ

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে মসজিদের ইমাম নিখোঁজ

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজি।

এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে নদীতে গোসল করতে যান। আছরের আগ সময়ে তিনি না আসায় নদীর পাড়ে যাই। সেখানে গিয়ে দেখি নদীর পাড়ে উনার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও উনাকে খুঁজে পাইনি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানাই।

এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজি বলেন, বিষয়টি নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনে জানানো হয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। মডেল থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস