images

সারাদেশ

ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে নানির মৃত্যু

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তার নাতি রিফাত হোসেন সিয়াম (১৯) একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে একটি নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় তারই সমবয়সী স্থানীয় মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বজনদের দেখানোর হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতেই নাঈমের পক্ষের একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে এলাকায় রিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

নাতির মৃত্যুর সংবাদ শুনে আতঙ্কগ্রস্ত হয়ে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কেই উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত রিফাত হোসেন সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ নাঈম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে আফিয়া বেগম মারা গেছেন। আসলে তাঁর নাতি রিফাত হোসেন সিয়াম মারা যাননি, তিনি বর্তমানে চিকিৎসাধীন। এই মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিনিধি/একেবি