images

সারাদেশ

বাকৃবিতে ‘আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার ‘আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির (বিএসএ) যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই কৃষি ও জনস্বাস্থ্য শক্তিশালীকরণে পরিসংখ্যানের ভূমিকা’। সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, গবেষক ও পরিসংখ্যানবিদরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিসংখ্যান একটি গতিশীল বিজ্ঞান এবং প্রতিটি ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরিসংখ্যানগত যুক্তি ও বিশ্লেষণ ছাড়া কোনো বৈজ্ঞানিক গবেষণার ফলাফলই পূর্ণতা পায় না বা সর্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং বিএসএ সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন আধুনিক কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রোমিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, গবেষণা পরিচালক এবং পরিসংখ্যান সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন। সম্মেলনে অংশগ্রহণকারী গবেষকরা সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল ও তথ্য উপস্থাপন করেন।

প্রতিনিধি/একেবি