images

সারাদেশ

নড়াইলে প্রথম ব্যালটে ভোট দিচ্ছেন রেড ক্রিসেন্টের ভোটাররা

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা। ইতোপূর্বে একাধিকবার কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবে। নির্বাচন না হওয়ায় ভোটাররা তাদের ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি ভোটারদের কোনো কদরও হয়নি। এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সেই সঙ্গে ভোটারদের কদর বেড়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ৫টি সদস্যপদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের বাইরে একজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থতি প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মধুমিতা সুলতানা, আরমান আলী খান, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন, সদস্য পদে সানাউল্লাহ, মো. রুহোল আমিন, আহসান হাবীব, মো. ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্রানেলের বাইরে এস.এম আমিনুল হাসান মিঠু নামে আরও একজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে নির্ধারিত সময়ে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে প্রচারণা চালিয়েছেন। নির্বাচিত হলে মানবিক কাজের পাশাপাশি সরকারি বরাদ্দ সঠিকভাবে বণ্টনের আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। ভোটারদের ভোটে নির্বাচিত হলে মানবতার সেবায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে, স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট হওয়ায় ভোটারদের কদর বেড়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। ভোটাররা প্রত্যাশা করছেন তাদের ভোটে নির্বাচিত সদস্যরা সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দের ন্যায্য বণ্টন করবেন।

নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান মল্লিক বলেন, ইতোমধ্যে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করছি। মোট ১ হাজার ১শ ৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি, ভোটারদের ভোটে নির্বাচিত সদস্যবৃন্দ দায়িত্বতার সঙ্গে আগামী সময়ে দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি/টিবি