images

সারাদেশ

২৪ ঘণ্টায় ১১ ঘণ্টা বিদ্যুৎ নেই, গরমে অতিষ্ঠ জনজীবন

২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

বৈশ্বিক যুদ্ধ ও দেশে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন মোটরবাইক ব্যবহারকারী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

দিন ও রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় ২৩ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিট থেকে ২৪ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত পর্যবেক্ষণ করে এই চিত্র পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর তা ফিরে আসছে। এতে দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হওয়ার পাশাপাশি তীব্র গরমে কষ্ট বাড়ছে।

ডোমার শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এভাবে বিদ্যুৎ না থাকলে আমরা চলব কীভাবে? রাতে ঘুমানো যায় না। সেচসহ যেসব কাজে বিদ্যুৎ প্রয়োজন, সবখানেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বোড়াগাড়ি এলাকাল গৃহিনী শারমিন আক্তার বলেন, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে গেলেই বিদ্যুৎ চলে যায়। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাচ্চাদের পড়াশোনায়। আমার একজনের এসএসসি পরীক্ষা চলছে; পড়ার সময় বিদ্যুৎ না থাকায় তাকে নিয়ে বিপদে পড়েছি।

শুধু সাধারণ মানুষই নয়, শিক্ষার্থীরাও পড়াশোনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষার এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।

এ বিষয়ে ডোমারের নেসকো নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম বলেন, আমাদের বর্তমান চাহিদা ৯ দশমিক ৫ মেগাওয়াট, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে এক এলাকা বন্ধ রেখে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে হচ্ছে। আমরা যতটুকু বরাদ্দ পাচ্ছি, তা সুষমভাবে বণ্টন করার চেষ্টা করছি।

প্রতিনিধি/একেবি