images

সারাদেশ

খাদ্যবান্ধবের ভুয়া কার্ড দিয়ে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাঁপাইনবাবগঞ্জে ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার পরিবারের ৮ কোটি টাকা হাতিয়ে নিম্নমানের চাল বিতরণের মূলহোতা জেসমিন বেগমসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রাম থেকে জেসমিন বেগমসহ তার সহযোগী মেহেদী হাসান মিদুলকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ২০ হাজার পরিবারের কাছ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঢাকা মেইলকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির মতো করে ভুয়া কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে নিম্নমানের চাল বিতরণ করে আসছিল এই চক্রর মূলহোতা জেসমিন বেগম। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়। এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই নারীসহ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের দেওয়া সামাজিক কর্মসূচির মতো করে টাকার বিনিময়ে এমন কার্ড তৈরি করার কোনো নিয়ম আছে কি না, আদালত তা খতিয়ে দেখবে।

এর আগে, জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ভুয়া কার্ড তৈরি করে চাল বিতরণের সময় জেসমিন বেগমকে হাতেনাতে ধরে। পরে জেলা প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। জেসমিন বেগম চাল বিতরণের কার্ড ছাড়াও সরকারি প্রকল্পের ঘর, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামেও জেলায় কয়েক হাজার পরিবারের কাছ থেকে ৫-২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন।