images

সারাদেশ

শরণখোলায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে আবু হানিফের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীরা আবু হানিফের ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়।

আরও পড়ুন

নিজের জীবন বাঁচাতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস