images

সারাদেশ

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুন নামে ৯ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমাইরা খাতুন সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। তবে পরদিন সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ham

বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত বা উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে টিকাদান কার্যক্রম চলছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা টিকা পাচ্ছে। জেলায় মোট ৯৮০টি আউটরিচ কেন্দ্র এবং ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এ কার্যক্রমে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৪১ জন কর্মী এবং ১ হাজার ৯৯৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।

Ham---

মৃত শিশুর চাচা সাব্বির আহমেদ অভিযোগ করে বলেন, হামের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসা চলার পর কিছুটা সুস্থ হলে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বাড়িতে নেওয়ার পর তার অবস্থা আবার খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। আমাদের মনে হয়েছে, চিকিৎসায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বলেন, চলতি বছরে চুয়াডাঙ্গায় হামের উপসর্গে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কিছুটা সুস্থ হয়ে উঠেছিল। পরবর্তীতে বাড়িতে নেওয়ার পর আবার অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এসএস