images

সারাদেশ

নওগাঁয় জাল দলিল ও প্রতারণার অভিযোগে চার ব্যক্তি কারাগারে

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

নওগাঁয় জমি দখলের উদ্দেশ্যে জাল দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার অভিযুক্তরা নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো চার ব্যক্তি হলেন নওগাঁ পৌরসভার চকরামচন্দ্র এলাকার বাসিন্দা মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান ও মশিউর রহমান। এই মামলার অপর আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র মৌজার একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০২৫ সালের ১৯ এপ্রিল নওগাঁ জেলা অ্যাডভোকেট বার ভবনে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিবাদী পক্ষ একটি দলিল উপস্থাপন করে জমির মালিকানা দাবি করে। তবে পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, উপস্থাপিত দলিলটি ভুয়া এবং সংশ্লিষ্ট জমির তথ্যের সঙ্গে এর কোনো মিল নেই। এই জালিয়াতির ঘটনায় ভুক্তভোগী পক্ষ আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ এবং দালিলিক প্রমাণ যাচাই করে দেখেন যে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অন্যের মালিকানাধীন জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করেছেন। তদন্তে আরও জানা যায়, আসামিরা প্রকৃত মালিকানা না থাকা সত্ত্বেও জমিটি নিজেদের বলে প্রচার করেন এবং জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা দলিল ব্যবহার করেন।

তাদের এই কর্মকাণ্ড ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(ক), ৫(২) ও ১৬ ধারার অপরাধ হিসেবে প্রমাণিত হয়। তদন্ত শেষে পিবিআই সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। 

অভিযুক্ত মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান ও মশিউর রহমান আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধেও জালিয়াতিতে প্ররোচনার অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রতিনিধি/একেবি