জেলা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষ চলে।
স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। বুধবারের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখি-বিরোধী শতাধিক শ্রমিক।
অন্যদিকে, নগরীর রেলগেট এলাকায় অবস্থান নেন রফিকুল ইসলাম পাখির অনুসারীরা। বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ পাখির প্রায় দুই শতাধিক অনুসারী একটি মিছিল নিয়ে শিরোইলের দিকে অগ্রসর হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাখির অনুসারীরা শিরোইল এলাকায় পৌঁছে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র মহড়ার মুখে প্রতিপক্ষ শ্রমিকরা পিছু হটতে বাধ্য হয় এবং পাখির অনুসারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।
স্থানীয়দের অভিযোগ, পুরো সময়জুড়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি; বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
এই ঘটনার পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/একেবি