জেলা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
দিনাজপুরের পার্বতীপুরস্থ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সচল একমাত্র ইউনিটটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এর ফলে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল।
বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বিকল হয়ে পড়লে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, কয়লার সঙ্গে পাথর আসায় ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে গেছে এবং কুলিং ফ্যান ভেঙে গেছে। ফলে বুধবার রাত থেকে কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি আরও জানান যে বর্তমানে মেরামত কাজ চলছে এবং এটি পুনরায় সচল করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে থেকেই কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট সম্পন্ন ২নং ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ৩নং ইউনিটটি বন্ধ ছিল।
বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে ২০০৬ সালে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়। শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থাকলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি চালু হওয়ার পর কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। তবে যান্ত্রিক ত্রুটি ও নানা জটিলতায় কেন্দ্রটি কখনোই পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। কেন্দ্রটির ৩নং ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এবং ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। সর্বশেষ সচল থাকা ১নং ইউনিটটি গত ৩০ ডিসেম্বর বন্ধ হওয়ার পর ১৫ জানুয়ারি পুনরায় চালু হয়েছিল, কিন্তু ২২ এপ্রিল সেটিও বিকল হয়ে পড়ল।
জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও উত্তরাঞ্চলের চাহিদা পূরণে বড়পুকুরিয়া কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে উৎপাদন বন্ধ, অন্যদিকে তীব্র দাবদাহে জাতীয় গ্রিড থেকে চাহিদামাফিক বিদ্যুৎ না পাওয়ায় উত্তরাঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই ভ্যাপসা গরমে দিন-রাত অবিরাম বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
প্রতিনিধি/একেবি