images

সারাদেশ

নোয়াখালীতে দারোয়ানের কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি ভবনের দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দারোয়ানকে।

বুধবার (২২ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকার খালপাড়ের বহুতল ভবন মাইশা লেক টাওয়ারে অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মহিনউদ্দিন।

আটক আব্দুল জলিল (৪২) উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে। তাকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।

ওসি মো. মহিনউদ্দিন বলেন, লেক টাওয়ারের দারোয়ান আব্দুল জলিল দীর্ঘদিন তার কক্ষে বিদেশি মদ রেখে জেলার বিভিন্ন স্থানে ডেলিভারি দেন বলে গোপনে খবর পায় ডিবি পুলিশ। ওই খবরের ভিত্তিতে রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ জলিলকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা রয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

প্রতিনিধি/এজে