images

সারাদেশ

সাদুল্লাপুরে মিশুভ্যানের ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত মিশুভ্যানের ধাক্কায় জোবায়ের মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলের দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের হিংগারপাড়া কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের মিয়া হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় শিশু জোবায়ের মিয়া দোকান থেকে রাস্তা পার হচ্ছিল। এসময় ধাপেরহাট থেকে ছেড়ে আসা একটি মিশুভ্যানের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়। তখন স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যায়।

এদিকে, শিশুটির মৃত্যুর খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এরপর সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, শিশু মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ শুরু করে এলাকাবাসী। পরে আমার পরামর্শে অবরোধ তুলে নেয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, জনতার অবরোধ কর্মসূচি চলাকালে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পরিস্থিতি শান্ত করা হয়েছে।

প্রতিনিধি/এসএস