জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা। তাদের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঁচবিবি উপজেলার মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হোসেন আলী ও রহমত আলী দুই ভাই বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে দুই ভাই পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একই সাথে দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় করছেন।
প্রতিনিধি/একেবি