images

সারাদেশ

জামালপুরে ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, চালক আটক

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

জামালপুরে কালোবাজারে পাচারকালে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে র‍্যাব। এ সময় ট্রাকের চালক শামছুল হককে (বা ইসলাম) আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশে ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জামালপুর থেকে শেরপুরগামী একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়। চাল পাচারের অভিযোগে তখন ট্রাকচালককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে মামলার মাধ্যমে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক চালক ও জব্দকৃত চাল জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একেবি