জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে তৌকির রহমান নামে এক বেরসিক প্রেমিক। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত তৌকির রহমান (১৯) কে গ্রেফতার করেছে র্যাব ১৩।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রাম থেকে ভুক্তভোগি উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগি ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় অভিযুক্ত তৌকির রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্যক্ত করাসহ প্রেম-ভালবাসার প্রস্তাব দিয়ে আসছিল ওই শিক্ষার্থীকে। বিষয়টি ভুক্তভোগি তার পরিবারকে জানালে তৌকির রহমানকে বিরক্ত না করার জন্য অনুরোধের সঙ্গে সতর্ক করা হয়। ভুক্তভোগির পরিবারের কথায় গুরুত্ব না দিয়ে উল্টো ওই শিক্ষার্থীকে অপহরণ করার হুমকি প্রদান করে।
এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সকালে ভুক্তভোগি ইউনিফর্ম পরে স্কুলের উদ্দেশ্যে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত তৌকির ও তার সহযোগী ৩-৪ জনের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবার একাধিকবার উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাদী হয়ে রংপুর নগরীর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এদিকে মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে অভিযুক্তরা চতুরতার সাথে আত্মগোপনে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ও র্যাব-১১ যৌথভাবে গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলার লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রামের অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জনৈক ক্বারী আজিজের বাড়ি থেকে ভুক্তভোগিসহ তৌকির রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৌকির নগরীর পূর্ব বোতলা এলাকার রাহেল মিয়ার ছেলে।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার তৌকির রহমানকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে