জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
নড়াইলের নড়াগাতী থানা এলাকায় পাটখেতে কুকুর যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও খুলনা মেডিকেলে নেওয়া হয়ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নড়াগাতি থানার বল্যাহাটি গ্রামে মঙ্গলবার সকালে মো. বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এসময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটখেতের মালিক মো. রমজান মোল্যা বিষয়টি দেখে বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বোরহান মোল্যা পক্ষের মো. বোরহান মোল্যার স্ত্রী মোসা. তানিয়া বেগম (২৩), মুক্তির মোল্যার ছেলে মো. ইমরান মোল্যা (৩৫), নুরে আলম মোল্যার ছেলে শাহ আলম মোল্যা (২০)। তারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান মোল্যা পক্ষের ইউসুফ মোল্যার স্ত্রী মোসা. শিউলি বেগম (২২), সুমন মোল্যার স্ত্রী আসমা বেগম (১৮) আহত হন তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিনিধি/এসএস