জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে একটি অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ‘বিচ অটো রাইস মিল’ এ অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি চালের মোড়কীকরণে পরিবেশবান্ধব পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে।
ভ্রাম্যমাণ আদালত ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর ৪ ও ১৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, পরিবেশ সুরক্ষা এবং পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। পাটকে পুনরায় ‘সোনালী আঁশ’ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি।
উল্লেখ্য, ২০১০ সালে প্রণীত এই আইনের মূল লক্ষ্য হলো ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পাট শিল্পকে চাঙ্গা করা, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং দেশীয় পাটচাষি ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
প্রতিনিধি/এসএস