জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে সীমান্ত এলাকায় দ্বিগুণ দামে বিক্রির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করে।
পরে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আটক জাহিরুল ইসলাম উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করে জানান, তারা নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে প্রতি লিটার পেট্রল ২০০ টাকা দরে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকায় ৪০০ টাকা লিটারে বিক্রি করতেন। তারা মূলত তেল পরিবহনের কাজ করলেও পুরো চক্রটি পরিচালনা করতেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক।
ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল খালেক পলাতক রয়েছেন। পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জানান, অপরাধ স্বীকার করায় আটক দুইজনকে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা পেট্রল সরকারি নির্ধারিত মূল্যে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুত বা বিক্রির সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস