images

সারাদেশ

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে একই দিনে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার  (২০ এপ্রিল) ভোররাত তিনটা থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে পৃথক তিনটিস্থানে আলাদা এসব দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাত তিনটার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে এক পথচারী রাস্তা পারাপারে সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সড়ক মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হয়।

এ ঘটনায় খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এছাড়া একইদিন দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়েতে সার্ভিস রোডে, শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় রেলওভার ব্রিজের ঢালে মাওয়ামুখি সড়কে একটি দ্রুতগতির লাল রংয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে। এতে চালক গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। 

প্রতিনিধি/ এজে