images

সারাদেশ

জিনে ধরার অভিযোগে গৃহবধূকে শিকলবন্দি, উদ্ধার করল পুলিশ

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ এএম

ফরিদপুরে জিনে ধরার অভিযোগে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজী তার মেয়ে রিতু আক্তারকে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের সঙ্গে বিয়ে দেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রিতুকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে রিতুর স্বামী শামুন মাতুব্বর (২৮), লিপি আক্তার (৪০), নিপা আক্তার (৩২) ও খোরশেদ মাতুব্বর (৫৮) তাদের ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ সময় শ্বশুর খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

রিতু আক্তারের চাচা সৈয়দ আলী বলেন ‘এর আগেও বেশ কয়েকবার সালিশ-বৈঠক হয়েছে। গতকাল রবিবার ছেলের বাবা আমাদের বাড়িতে এসে জানান যে আমাদের মেয়েকে জিনে ধরেছে, তাই তাঁকে নিয়ে আসতে। খবর পেয়ে আমার ভাই-ভাবিসহ কয়েকজন তাঁকে আনতে গিয়ে দেখেন যে, তিন দিন ধরে খাবার না দিয়ে তাঁকে শিকলবন্দি করে রাখা হয়েছে। প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আমরা এই অন্যায়ের বিচার চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে রিতু আক্তারের স্বামী শামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/একেবি