জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ এএম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়া বিশাল এক কাতল মাছ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটি শেষ পর্যন্ত এক আমেরিকা প্রবাসীর কাছে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জেলে জমির হালদার। ভোরের আলো ফোটার আগেই তার জালে আটকা পড়ে বিশাল এই মাছটি। জাল টেনে নৌকায় তোলার পর মাছটির আকার দেখে জেলেরা রীতিমতো অবাক হয়ে যান।
সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিশালাকার কাতলটি একনজর দেখতে আড়তে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা। আড়তে ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির সঠিক ওজন ২৯ কেজি ৬০০ গ্রাম।
মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি প্রথমে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। এরপর তিনি যোগাযোগ শুরু করলে এক আমেরিকা প্রবাসী মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৬৮ হাজার ৮০ টাকায় প্রবাসীর স্বজনদের কাছে মাছটি বিক্রি করা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে বর্তমানে পানি কমে যাওয়ায় বড় বড় মাছ ধরা পড়ছে। বিশাল আকৃতির কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের এই উপস্থিতি আমাদের নদী অঞ্চলের মৎস্য সম্পদের সমৃদ্ধি প্রকাশ করে।’
প্রতিনিধি/একেবি