images

সারাদেশ

যশোর বোর্ডে এসএসসি: পরীক্ষার্থী কমেছে, দুশ্চিন্তায় বিদ্যুৎ

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ এএম

আজ ২১ এপ্রিল ২০২৬ থেকে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। 

এবার এই বোর্ড থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪ হাজার কম। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন, অর্থাৎ এবার ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬৮ হাজার ১৬১ জন এবং ছাত্রের সংখ্যা ৬৬ হাজার ৯২৮ জন। বিভাগের ২৯৯টি কেন্দ্রে ২ হাজার ৫৭২টি স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা শতভাগ নকলমুক্ত ও স্বচ্ছ করতে বোর্ড কর্তৃপক্ষ সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করেছে। প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহের ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর জন্য। কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকাসহ নজরদারিতে কোনো কমতি রাখা হয়নি। শিক্ষামন্ত্রী নিজে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তবে বোর্ডের এসব কঠোর প্রস্তুতির মাঝেও অভিভাবক ও পরীক্ষার্থীদের মনে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। কালবৈশাখী ও বৃষ্টির এই মৌসুমে ঝড় শুরু হলে অনেক সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না। সিসি ক্যামেরা সচল থাকা নিয়ে অভিভাবকদের মাথাব্যথা নেই, তাদের ভয় অন্ধকার কক্ষে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিয়ে। বিগত বছরগুলোতে অনেক জায়গায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার নজির থাকায় এবারও তেমন পরিস্থিতির শিকার হতে হয় কি না, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

প্রতিনিধি/একেবি