images

সারাদেশ

স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুঁই

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের নাজিরপুরের সন্তান সুলতানা জেসমিন জুঁই। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত একপত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুর জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

এক ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জুঁই লিখেন, ‘সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সবার জুঁই। ইনশাআল্লাহ, খুব শিগগিরেই সরাসরি উপস্থিত হয়ে সকলের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেব।’

সুলতানা জেসমিন জুঁই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রাজপথের ত্যাগী নেত্রী হিসেবে এই মূল্যায়ন তার প্রাপ্য ছিল।

প্রতিনিধি/একেবি