images

সারাদেশ

ভারতে বিধানসভা নির্বাচন: ৪ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাণিজ্যিক কেন্দ্র পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে সোমবার (২০ এপ্রিল) একটি পত্র পাঠিয়েছেন। ৫১ নম্বর ওই আদেশে বলা হয়েছে, বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

নির্বাচনকালীন এই ছুটির সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চার দিন বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামীকাল ২১ এপ্রিল সকাল ৬টা হতে ২৩ এপ্রিল পর্যন্ত ফুলবাড়ি ভারতীয় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে ভারত গমনাগমনকারী যাত্রীদের ভ্রমণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিনিধি/একেবি