Dhaka Mail Logo

সারাদেশ

ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে রুল

উপজেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের জারি করা ২০২৬ সালের ১৩ জানুয়ারি ০৫ নং অফিস স্মারক কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি নোটিশ দেওয়া হয়।

এর আগে, হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু) এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

রিটকারী পক্ষের প্রতিনিধি ও হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টা ও তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আদালতে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আশা করছি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

hati

আরও পড়ুন

হাতিয়া চেয়ারম্যান ও নলচিরা ঘাটে সব অবৈধ টোল আদায় স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

হাতিয়া দ্বীপ সমিতির সদস্য ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপাজ উদ্দিন জানান, “ঐতিহাসিক দলিল, মানচিত্র ও স্যাটেলাইট ইমেজসহ প্রয়োজনীয় সব তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।”

সিনিয়র সাংবাদিক ও লেখক এম. দিলদার উদ্দিন বলেন, “একসময় সন্দ্বীপ নোয়াখালীর অংশ ছিল। ভৌগোলিকভাবে হাতিয়া ও সন্দ্বীপ খুব কাছাকাছি অবস্থানে ছিল—এক দ্বীপ থেকে অন্য দ্বীপের শব্দও শোনা যেত। নদীভাঙনের কারণে অবস্থান পরিবর্তন হলেও প্রশাসনিক সীমানা কখনো পরিবর্তিত হয় না। সে বিবেচনায় ভাসানচর হাতিয়ারই অংশ।”

haia

আদালতের জারি করা রুলের জবাব দিতে বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এবং পরবর্তী শুনানির মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ২০২৬ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম (সন্দ্বীপ)-নোয়াখালী (হাতিয়া) অংশে আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত টিমের জরিপ অনুযায়ী ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিবাদে দ্বীপ উপজেলা হাতিয়াসহ গোটা নোয়াখালীবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। ঢাকা মেইলসহ বিভিন্ন গণমাধ্যম সে বিক্ষোভের প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিনিধি/এসএস