images

সারাদেশ

এসএসসি পরীক্ষায় বরিশালের এক-চতুর্থাংশই অনিয়মিত পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে প্রতি চারজনের একজনই অনিয়মিত। যারা গত বছর অকৃতকার্য বা কম নম্বর পেয়ে মানোন্নয়নের জন্য আবার পরীক্ষা দিচ্ছে। ২০২৬ সালে বরিশাল বোর্ডের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী। এদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ৮২২ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল ৩৬ হাজার ১৭৩ জন। তখন পাসের হার নেমে এসেছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশে। সেই পরীক্ষার্থীদের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবার ফের পরীক্ষায় অংশ নেবে। তবে বাকি প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেননি।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৭৬ জন। এর মধ্যে ছাত্র চার হাজার ৭৮০ জন ও ছাত্রী দুই হাজার ৭৯৬ জন।

আরও পড়ুন

পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার ইঙ্গিত

একাধিক স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিয়মিত পরীক্ষার্থীদের বড় অংশ গতবার এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য করেছিল। বিশেষ করে ইংরেজি ও গণিতে দুর্বলতা বেশি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, গত বছর অকৃতকার্য হয়েছিল ৩৬ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ও গণিতে দুর্বলতা বেশি। অনিয়মিতদের ক্ষেত্রেও এই প্রবণতা স্পষ্ট। তাই আমরা জেলা পর্যায়ে শিক্ষকদের নিয়ে কাজ শুরু করেছি।

প্রতিনিধি/এসএস