images

সারাদেশ

নারায়ণগঞ্জ ফতুল্লা ডিবি পরিচয়ে গুলিবর্ষণ, আহত ৪

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুরের ভাঙ্গারপুল এলাকায় ডিবি পরিচয়ে পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টাকালে জনতার প্রতিরোধের মুখে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়লে চারজন গুলিবিদ্ধ হয়। এ সময় শামীম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

সরজমিনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগে সুমনের মোবাইল ফ্লেক্সিলোডের দোকান থেকে ২০০০ টাকা বিকাশ করে টাকা দিতে না পারায় তাকে আটকে রাখে সুমন। পরবর্তীতে তার লোকজন এসে সুমনকে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনার রেশ ধরেই ১৯ এপ্রিল রাতে কয়েকটি মোটরসাইকেলে করে শামীম, রুবেলসহ ৬-৭ জন লোক সুমনের দোকানের সামনে আসে এবং সেখান থেকে আনোয়ার নামের ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে ডিবি পরিচয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আইডি কার্ড দেখতে চাইলে কোনো আইডি কার্ড দেখাতে না পারায় তাদের ওপর ক্ষিপ্ত হয় উপস্থিত জনতা। তখন তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলসহ শামীমকে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফতুল্লা মডেল থানার এসআই হামিদসহ সঙ্গীয় ফোর্স। ঘটনাস্থল পরিদর্শন করে মাটিতে পড়ে থাকা পাঁচটি গুলির খোসা উদ্ধার করে এবং মোটরসাইকেলসহ আটক শামীমকে থানায় নিয়ে যায়।

প্রতিনিধি/এসএস