জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সংকট দূরীকরণ ও ৬০ জন শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে আমরণ অনশনে বসেছেন এক শিক্ষক।
পাঁচ দিনের আলটিমেটাম শেষে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে ভিসি কার্যালয়ের সামনে তিনি এই অনশন শুরু করেন। অনশনরত জামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সোমবার বেলা ৪টা) তিনি অনশনে অনড় ছিলেন।
এর আগে গত ১১ এপ্রিল পদোন্নতি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ভিসি গাফিলতিকে দায়ী করেছিলেন শিক্ষকরা।
অনশনরত শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘ববিতে দুই বছর ধরে শিক্ষকদের কোনো পদোন্নতি হচ্ছে না। অনেকের পদোন্নতির যোগ্যতা অর্জনের ছয় মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাই, ৬০ জন শিক্ষকের পদোন্নতি কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হোক।’
জানা গেছে, অনশনের খবর পেয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম তার কার্যালয়ের সামনে গিয়ে শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে কথা বলেন।
পদোন্নতিপ্রত্যাশী সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুর রহমান বলেন, ‘ছয় মাস ধরে আমাদের পদোন্নতি আটকে আছে। এ নিয়ে ভিসি সঙ্গে আমরা বহুবার বসেছি। কোনো সুরাহা না হওয়ায় তাঁকে রোববার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। এরপরও কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা নতুন কর্মসূচি দিতে যাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘আমি সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলছি এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ নেব।’
পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩০ জন সহকারী অধ্যাপক এবং ৬ জন প্রভাষক রয়েছেন। শিক্ষকদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব পাওয়ার পর গত বছরের অক্টোবরের শেষ দিকে পদোন্নতি বোর্ড গঠন করেন। এরপর দুটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলেও উপাচার্য নিয়োগ বোর্ড অনুমোদনের প্রস্তাব সেখানে উত্থাপন করেননি। সর্বশেষ ৩১ মার্চ সিন্ডিকেট সভা হলেও এই সংকটের কোনো সমাধান হয়নি।
প্রতিনিধি/একেবি