জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
বগুড়া সিটি করপোরেশন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।
এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন।
ফলক উন্মোচনের পর তারেক রহমান বলেন, ‘আপনাদের অনেকদিনের দাবি ছিল, আজকে সিটি করপোরেশন করার মধ্য দিয়ে আপনাদের দাবি পূরণ হলো।’
প্রধানমন্ত্রী বলেন, বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করতে হবে। এটা সরকারের একার পক্ষে করা সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা করতে হবে।’
এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের পুরনো পৌরসভার মধ্যে এটি অন্যতম।
এ পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড ছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়।
সেই সময় এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।
গত ১২ বছরে আওয়ামী লীগ সরকার রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে। তবে বগুড়া দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও তা পৌরসভা হিসেবেই থেকে যায়।
এমআর