জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হুজ হু বাংলাদেশ 'সম্মাননা পেলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন যা ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের কৃষি গবেষণা ও টেকসই উন্নয়নের জন্য এক গর্বের অর্জন।
গেল শনিবার রাজধানী বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা, সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হুজ হু বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্টজন।
পুরস্কার অর্জন বিষয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি গভীর কৃতজ্ঞতা জানাই ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমার বিশ্বাস, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যতের মূল শক্তি। আমরা সবাই মিলে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যয় নিয়েই আমি কাজ করে যেতে চাই।”

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি শিক্ষাজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক পরিসরে তার গবেষণা বিশেষভাবে স্বীকৃত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চায়নিজ একাডেমি অব সায়েন্সেস ও কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফেলোশিপ তার গবেষণার স্বীকৃতি বহন করে।
উল্লেখ্য, ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের জীবনগাঁথা সংরক্ষণ ও তাদের অবদানকে মর্যাদার সঙ্গে স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য বহন করে আসছে ‘হুজ হু’ যা বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস