images

সারাদেশ

একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিম আক্তারের (১৯) সঙ্গে পরশ প্রধান (২১) নামের এক যুবক দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম-ভালোবাসা করে আসছিলেন। এরই এক পর্যায়ে একইসঙ্গে বিষপান করেন এই প্রেমিক জুটি। এতে মিম আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়লেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রেমিক পরশ প্রধান।

রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। পরশ প্রধান রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যু মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও আহত পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।

আরও পড়ুন

কুয়েতে জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই মৃত্যু

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। এ বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দুজনই বিষপান করেন। এরপর স্বজনরা টের পেয়ে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস