images

সারাদেশ

পীর শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হিসেবে পরিচিত আমির জাহাঙ্গীরকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে ‘উন্মত্ত জনতা’ বা জনরোষের নামে ধারাবাহিক সহিংসতায় প্রাণহানির ঘটনা সমাজে এক ধরনের বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করে, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী হামলায় সক্রিয়ভাবে জড়িত বলে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। অভিযোগ রয়েছে, তাদের একটি বড় অংশ সরকার দলীয় ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে যাদের আসামি করা হয়েছে, তাদের বিরোধী রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। এতে প্রকৃত অপরাধীরা আদৌ আইনের আওতায় আসবে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়িয়ে মানুষ জড়ো করার বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। এটি তাৎক্ষণিক জনরোষের পরিবর্তে পরিকল্পিত সহিংসতার ইঙ্গিত বহন করে। কিন্তু ঘটনার পর পুরো বিষয়টিকে “উন্মত্ত জনতা” হিসেবে আখ্যা দেওয়া হলে বিচারপ্রক্রিয়া দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

সিটিজেন ইনিশিয়েটিভ বলেছে, কোনো পরিস্থিতিতেই জনতার হাতে আইন তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। গণপিটুনির মতো ঘটনা আইনের শাসনের দুর্বলতাকে প্রকাশ করে, যা নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসরমান দেশের জন্য উদ্বেগজনক।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেছে, ভিডিও ফুটেজ ও বিচারিক প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে মামলা পুনর্বিবেচনার মাধ্যমে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তাও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এমআর/এআর