উপজেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পারভেজ হোসেন নামে এক ব্যবসায়ী। এসময় তাকে মারধর করে ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পারভেজ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়া বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত।
জানা গেছে, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মায়ানী শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বড়তাকিয়া বাজার থেকে ব্যবসার ১ লাখ ৪৬ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর সিএনজি অটোরিকশায় করে রওনা দিলে কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে। গাড়ি থেকে নেমে শ্বশুরবাড়িতে হেঁটে যাওয়ার সময় আগে থেকে পিছু নেওয়া দুর্বৃত্তরা জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। এসময় তার চোখ-মুখ বেঁধে ফেলে এবং মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় শ্বশুরবাড়ির সামনে ফেলে রেখে যায় তারা।
ভুক্তভোগী পারভেজের শ্বশুর মো. মফিজ বলেন, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আমার মেয়ের স্বামীকে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস