images

সারাদেশ

রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষ থেকে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে, যারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী। বাকি ২ জন সিনেমা হলের কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

7972aa06-7fbc-4e39-87fe-ad256492d7d9

পুলিশ জানায়, নগরীর শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার জেরে ছাত্রীর বাড়িতে হামলা

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় বিশেষভাবে বলতে চাই, সিনেমা হলের সিনেমা দেখার কোনো দর্শককে আটক করা হয়নি। যারা সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া গেছে, শুধু তাদেরই আটক করা হয়েছে।

তিনি আরো জানান, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস