images

সারাদেশ

উখিয়ায় ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেইল ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় মো. নাছির (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।

পুলিশ বলছেন, নিহত নাছির বড় ইনানী এলাকার বাসিন্দা এবং ইনানী সৈকত এলাকায় ডাব বিক্রি করতেন। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফুফু মনিরা বেগমের বাড়িতে বেড়াতে যান এবং সেখানেই অবস্থান করছিলেন।

আরও পড়ুন

মাগুরায় বাসচাপায় নারী নিহত

ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো এক সময় তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা সকালে নাশতার জন্য ডাকাডাকি করলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস