জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্লীলতাহানির অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতার ব্যক্তিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন, সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল হাশেমের ছেলে নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নিজাম উদ্দিন জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
এর আগে একই দিন দুপুরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
প্রায় ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের আতঙ্ক ও কান্নাকাটি করতে দেখা যায়। হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয় বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, মামলার খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ দায়েরের পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস