জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্টেশন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বাংলাদেশ রেলওয়ের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা, হরষপুর ও রশিদপুর স্টেশনসহ বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেনসারিটি একমাত্র চিকিৎসা কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে এটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং এখানে স্থায়ী কোনো ডাক্তার ও ফার্মাসিস্ট নেই।
তারা আরও বলেন, চিকিৎসা সুবিধার অভাবে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ায় অনেক সময় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
বক্তারা দ্রুত শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেনসারির সংস্কার কাজ সম্পন্ন করা এবং সেখানে স্থায়ীভাবে একজন ডাক্তার ও ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাদের যৌক্তিক দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিনিধি/এসএস