Dhaka Mail Logo

সারাদেশ

নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, যুবক নিহত

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে হাফেজ মঞ্জুর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের সিরাজুল ইসলামের প্রায় ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার বাড়ির পাশের বোরো জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ফিকলের আঘাতে মঞ্জুর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১

করগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। এরই ধারাবাহিকতায় ধান কাটার সময় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মঞ্জুরের কানের নিচে গলায় ফিকলের আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস