জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ববিতা (২৭) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
ববিতা আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ববিতা স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তার বাবার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
আরও পড়ুন
গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত হামলার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস