images

সারাদেশ

চিৎকার করলে গুলির হুমকি, নড়াইলের সেই গরু চুরির মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম

অবশেষে নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের গোপাল দত্তর বাড়িতে চাঞ্চল্যকর গরু চুরি মামলার মূলহোতা রবিউল শরীফকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সদর উপজেলার সীমাখালী গ্রামের শেখ রাসেল সেতুর পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে রোববার (১৯ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিউল শরীফ সারুলিয়া গ্রামের ইউছুব শরীফের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এবং লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও গরু চুরির মামলা তদন্তকারী কর্মকর্তা তারেক তালুকদার ও সঙ্গীয় ফোর্স এর যৌথ অভিযানে সদর উপজেলার সীমাখালী গ্রামের শেখ রাসেল সেতুর পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে গরু চুরি মামলার মূলহোতা রবিউল শরীফকে গ্রেফতার করা হয়। চুরির মামলা রুজু হবার পর গ্রেফতার আসামি রবিউল শরীফ কৌশলে নড়াইলে বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল বলে জানায় পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গরু চুরির মামলায় আসামি রবিউল শরীফকে গ্রেফতার করা হয়েছে। আসামি রবিউল বর্তমানে থানার কারাগারে রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

 

উল্লেখ্য, গত শনিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তর বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পায়। এসময় তাদের চিৎকারের শব্দে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরের দল পালিয়ে গেলেও গ্রামবাসী একটি গরু উদ্ধার করে। পরে গোয়াল ঘরে চুরির সময়ের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি দেয় চোরচক্রের সদস্যরা। পরে (১৭ মার্চ) রফিকুল ইসলামকে (৩৭) আটকের পর থানায় মামলা হয়। এরপর পুলিশ মামলায় আরেক আসামি মামুন শেখকে (২৬) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

প্রতিনিধি/টিবি